ফিরিয়ে আনা দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান ও কনস্টেবল রোহিত। তাঁরা ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে ওই দুই পুলিশ সদস্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় চোরাকারবারিদের হাতে তাঁরা আটক হন। পরে তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) শশীদল বিওপির কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন বলেন, মাদকের এক আসামিকে ধরতে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বিএসএফ দুই পুলিশ সদস্যকে হস্তান্তর করে।

লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ব্রাহ্মণপাড়া থানার দুই পুলিশ সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এর আগে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত থেকে ওই দুই পুলিশ সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যায়।

এস