রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় গুলি করে দু'জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার রনি যে গাড়ি থেকে গুলি ছুড়ে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেই গাড়িটি জব্দ করেছে পুলিশ।
সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলশিরে (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ সব তথ্য জানান।
তিনি বলেন, মোবাইল লোকেশন ট্রাকিংয়ের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে যে হত্যাকাণ্ডের ঘটনায় বখতিয়ার রনির সম্পৃক্ততা রয়েছে।
মনিরুল ইসলাম বলেন, ডিবির তদন্তের তথ্য ও গাড়ি চালকের দেওয়া জবানবন্দির প্রেক্ষিতে রনি যে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাতে সন্দেহ নেই। যে অস্ত্রটি দিয়ে গুলি করা হয়েছিল, তার ব্যালেস্টিক পরীক্ষার পর আরও নিশ্চিত হওয়া যাবে।
হত্যার সময় ঘটনাস্থলে যে চারজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দু'জন এখনও পলাতক রয়েছেন। তাদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।
গত ১৩ এপ্রলি গভীর রাতে নিউ ইস্কাটনে রনি গাড়ি থেকে গুলি ছুড়লে রিকশা চালক হাকিম ও অটোরিকশা চালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।
এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম গত ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন। মহানগর গোয়েন্দা পুলিশ গত ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে বখতিয়ার আলম রনিকে আটক করে। বখতিয়ার আলম রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের এমপি পিনু খানের ছেলে।
এমআর/জেডআই





