সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দদুলালকে আবারও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ প্রত্যেককে ফের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর প্রদীপ বিষয়টি নিশ্চিত করেছেন। কোর্ট ইন্সপেক্টর জানান, শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। সেখানে তাদেরকে আবারও রিমান্ডের আবেদন করেন র‌্যাব তদন্ত কর্মকর্তা।

এ সময় ওসি প্রদীপের আইনজীবী আহসানুল হক রিমান্ড না মঞ্জুর করে ওসি প্রদীপের জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদেরে প্রত্যেককে আবারও তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে প্রথম দফায় ৭দিন ও দ্বিতীয় দফায় ৪দিনের রিমান্ডে নেয়া হয় সিনহা হত্যার অভিযুক্ত তিন আসামিকে। গতকাল (বৃহস্পতিবার) তিন আসামিকে আদালতে হাজির করার কথা থাকলেও তা করা হয়নি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় গত ০৫ আগস্ট তাঁর বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদি হয়ে ওসি প্রদীপ কুমার দাশ, লিয়াকত আলী ও নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশের ০৯ সদস্যকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। র‌্যাবকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়।

এমবি