এটর্নি জেনারেল মাহবুবে আলম দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনের ব্যাপারে দেয়া তার বক্তব্য থেকে সরে এসেছেন।
তিনি বলেছেন, কামারুজ্জামানের রিভিউ আবেদন গ্রহণ করবেন কিনা তা আদালতের ব্যাপার। আপিল বিভাগের দেয়া জামায়াত নেতা কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজের রায় এখনো প্রকাশ হয়নি। তাই কামারুজ্জামান এ সুযোগ পেতে পারেন।
রোববার এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
এ সময় ক্ষমা চাওয়ার কয়দিনের সময় সীমা আসামী পাবে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে কোন নিদৃষ্ট উত্তর দিতে পারেননি এটর্নি জেনারেল।
মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে প্রাণদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় গত ৩ নভেম্বর বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। চূড়ান্ত শুনানি শেষ হওয়ার দেড়মাস পর এই রায় দেওয়া হয়।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ এই রায় ঘোষণা করে।
বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর ৯ই মে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন।
১৯৭১ সালে আল-বদর বাহিনীর ময়মনসিংহ জেলা প্রধান ছিলেন কামারুজ্জামান। হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ তার বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। জামায়াত এ রায়ের প্রতিবাদে গত ৫ নভেম্বর হরতাল পালন করেছে।
কেএ/এএইচ





