রংপুরে দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনায় দু’জনকে ফাঁসি ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে রংপুর স্পেশাল ও অতিরিক্ত দায়রা জজ আদালতের দুই বিচারক এ রায় দেন।
রংপুরের বদরগঞ্জে পুত্রকে হত্যা করার দায়ে পিতা হামিদুল ইসলামকে ফাঁসির আদেশ দেন রংপুর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান।

২০০৩ সালের ২৩ অক্টোবর বদরগঞ্জের জামুবাড়ি এলাকায় হলুদ ক্ষেতে ৩ বছরের শিশু পুত্র মিলন বাবুকে গলাটিপে হত্যা করেন হামিদুল ইসলাম।

এ ঘটনায় শিশুর মা মনজুয়ারা বেগম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হামিদুলকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার অতিরিক্ত জজ আদালতের বিচারক হামিদুলকে ফাঁসির আদেশ দেন। হামিদুলের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির মথপাড়া গ্রামে। তিনি স্বামী পরিত্যাক্তা মনজুয়ারাকে বিয়ে করে বদরগঞ্জে ঘর সংসার করতেন।

অন্যদিকে মিঠাপুকুরে কৃষক আবদুর রহমান হত্যা মামলায় ১ জনের ফাঁসি এবং জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন স্পেশাল জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার।

২০০০ সালের ১৯ নভেম্বর মিঠাপুকুর উপজেলার কাশিপুর গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে খুন হন আব্দুর রহমান। এ ঘটনায় তার পুত্র শফিকুল ইসলাম মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ৪৩ জনের নামে চার্জশিট দেয়।

দীর্ঘ ১৬ বছর শুনানি শেষে মঙ্গলবার দুপরে রংপুর স্পেশাল জজ আদালতের বিচারক আসামি মিজানুর রহমানকে ফাঁসি এবং আতিয়ার রহমান, নুরুল হক, নুর ইসলাম, মোকছেদুল হক ও মোনারুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

এম আর