শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলা স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “সংগ্রামী রংপুরবাসী, আপনাদের এখানে এসে বর্তমান প্রধানমন্ত্রী ‘হ্যাঁ’-এর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। তিনি আবু সাঈদের রংপুরে এসেছিলেন। এখানে এসে গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছিলেন। আপনাদের কি মনে আছে?”
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর নির্বাচন কীভাবে হয়েছে, তা সবাই জানেন। একটি ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচন হয়েছে। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, তিনি বর্তমানে জাতির সঙ্গে প্রতারণা করছেন।
সাদিক কায়েম বলেন, “যারা কথা এবং কাজের মাঝে মিল রাখে না, তাদের কী বলা হয়—মুনাফিক, প্রতারক।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাই শহীদদের রক্তের মাধ্যমে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন। একইভাবে স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে বাংলাদেশে এসেছিলেন।
তিনি অভিযোগ করেন, বর্তমানে তারা জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছেন।
এদিন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করা হয়। সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পরে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়।
লংমার্চে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর, তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন, চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার এসব দাবি আদায়ে দেশের মানুষের ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছিলেন।
এমএম





