বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে ১৪টির মধ্যে ১২টি পদেই বিজয়ী হয়েছে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা)।

বিএনপি জোটের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল) দু’জন বিজয়ী হয়েছেন।

ভোট গ্রহণের ১০ দিন পর দিনভর গণনা শেষে শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই ফল ঘোষণা করেন।

নির্বাচিত ১৪ জনের ভোটে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন। আর অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন। মোট ১৫ জন নিয়ে পূর্ণাঙ্গ কমিটি হবে।

সাধারণ পদে বিজয়ীরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্তমান বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার (১৬,৩০৬), আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম (১৪,৬৬৪), জেড আই খান পান্না (১৪,৪৯৭), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান (১৪,১৮৪), আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন (১৪,০৯৮), বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জে মোহাম্মদ আলী (১৩,৭১২) ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল (১৩,২৮৮)।

আর গ্রুপ পদে সরকার সমর্থকদের মধ্য থেকে নির্বাচিতরা হলেন- ঢাকা জেলার (গ্রুপ-এ) কাজী নজিবুল্লাহ হিরু (৫,১৫৭), বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ বি) মো. কবীর উদ্দিন ভূঁইয়া (১,৫৬৫), বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ডি) এএফ মো. রুহুল আনাম চৌধুরী (১,৬১৬), বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ ই) পারভেজ আলম খান (১,৮৫৮), বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) মো. ইয়াহিয়া (১,৪৬৭) এবং বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ এফ) রেজাউল করিম মন্টু (১৪৬৩)।

এদিকে, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতিতে (গ্রুপ সি) জিতেছেন বিএনপি সমর্থক মো. দেলোয়ার হোসেন চৌধুরী (১,৯৩০)।

২০১৫ সালের নির্বাচনে ১৪টির মধ্যে সরকার সমর্থকরা ১১টি পদে বিজয়ী হয়েছিলেন। বাকি তিনটি পদে জয় পেয়েছিলেন বিএনপি জোট সমর্থক প্রার্থীরা।