নিখোঁজের তিনদিন পর সাভারে সামিয়া আফরিন সৃষ্টি নামের (১৯) এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে বনগাঁও ইউনিয়নের তুরাগ নদীর বেরাইদ এলাকা থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানা পুলিশ জানান, নিহত কলেজছাত্রীর পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল। তার দেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। অপহরণ করে পাশবিক নিযাতনের পর তাকে হত্যা করা হয়েছে।

সাভার মডেল থানার এসআই (উপপরিদর্শক ) গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর শাহাবাগ আজিজ সুপার মার্কেটের মোহাম্মদ ইসহাক মিয়ার মেয়ে গ্রীনরোড এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়াই ডাবলু সি-এর এইচ এসসি পরীক্ষার্থী সামিয়া আফরিন সৃষ্টি গত ২৬ মার্চ সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা শাহাবাগ থানায় নিখোঁজ হয়েছে জানিয়ে সাধারণ ডায়রি করেন।

বুধবার সকালে সাভারের তুরাগ নদীর বেরাইদ এলাকায় ওই কলেজ ছাত্রীর ভাসমান মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই গোলাম রসুল বলেন, নিহতের মা ওই কলেজছাত্রীর লাশ শনাক্ত করেছেন। তবে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর কারণ জানাতে পারেনি। তারা এটাকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছেন।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কেবি