খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার রুলের আদেশের দিন আগামী ৫ এপ্রিল পুন:নির্ধারণ করেছেন হাইকোর্ট।
রোববার খালেদার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. মইনুল হোসেন চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। একইসঙ্গে এই সময়ের মধ্যে আসামিপক্ষকে শুনানি শেষ করতে বলা হয়েছে।
আদালতে খালেদার পক্ষে সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল শুনানি করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান উপস্থিত ছিলেন। আজ আদেশের দিন ধার্য ছিল।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। পরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।
২০০৮ সালের ১৬ অক্টোবর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেন। একই সঙ্গে মামলা দায়ের ও কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি হবে না জানতে চেয়ে সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে রুলও জারি করেন। পরবর্তী সময়ে মামলার স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়। এ মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিনে রয়েছেন।
এএইচ





