সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শয়নকক্ষ থেকে মা ও দুই ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশেল ধারণা, তাদের হত্যা করা হয়েছে। শনিবার (০১ অক্টোবর) বিকেলে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামের বাড়ি থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- গ্রামের সুলতান আলীর তৃতীয় স্ত্রী রওশন আরা (৩৫), তাদের বড় ছেলে জিহাদ (১০) এবং ছোট ছেলে ফাহিম (৩)।
খবর পেয়ে জেলা পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল, বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশগুলো ঘরের মধ্যেই রয়েছে বলে পুলিশ জানায়। স্থানীয় জনতা বাড়িটি ঘিরে রেখেছে। বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, একটু ফাঁকা জায়গায় একটি টিনের ঘরের মধ্যে লাশগুলো রয়েছে। ঘরটি বাইরে থেকে শিকল দিয়ে আটকানো ছিল।
বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের এক স্বজন খোঁজ নিতে এসে বিকট দুর্গন্ধ পায়। পরে শিকল খোলে লাশ দেখতে পায়। তখন তিনি চিৎকার করে এলাকাবাসীকে ডাকেন। লাশগুলোতে কিছুটা পচন ধরেছে। শরীর থেকে গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে তাদের হত্যা করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহতের স্বামী সুলতান আলীর একাধিক বিয়ে রয়েছে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রীর একটি মামলায় জামিন পেয়ে বেরিয়ে এসেছেন বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। সুলতানের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। থানা পুলিশ ছাড়াও পিবি আই ও সিআইডির দুটি দল ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শুরু হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, রওশন আরা দুই ছেলেকে নিয়ে এই বাড়িতে থাকতেন। তার স্বামী আরেক স্ত্রীর সঙ্গে অন্যত্র বসবাস করেন। প্রাথমিকভাবে এটি হত্যাকান্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কারা কী কারণে তাদের হত্যা করেছে তা এখনও জানা যায়নি।
এন/ইউ/শো





