একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সংগ্রামের সম্পাদকসহ চারজনকে তলব করেছে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনাল বলছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর একজন নেতা এটিএম আজাহারুল ইসলামের মামলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে পত্রিকার সম্পাদকসহ চারজনকে।

বাংলাদেশে ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজাহারুল ইসলামের মামলার সাক্ষ্য গ্রহন শুরু হয় গত বছর ডিসেম্বরের ২৬ তারিখে।

তার পরের দিন ২৭শে ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকা ‘একাত্তর সালে আজহার নামে কোনো রাজাকার কমান্ডারের নাম শুনিনি’ এবং ‘১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত রংপুর কারমাইকেল কলেজে আজাহার নামে কোনো ছাত্রনেতা ছিলেন না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

আজ (রোববার) জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের পক্ষের সাক্ষ্য গ্রহনের দিন ধার্ষ ছিল ট্রাইব্যুনালে।

আর সেখানে তার একজন সাক্ষী আনোয়ারুল হক ওই প্রতিবেদন দুটি মি. ইসলামের পক্ষে নথি হিসেবে উপস্থাপন করতে গেলে ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে রুল জারি করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী যিয়াদ আল মালুম বলেন, পত্রিকাটির রংপুর প্রতিনিধি, প্রতিবেদেনটির জন্য সাক্ষাৎকারদানকারী ও সম্পাদকের বিরুদ্ধে আদালত অবনমাননার অভিযোগ কেন আনা হবে তার বাখ্যা জানাতে এ মাসের ২০ তারিখে ট্রাইব্যুনালে তলব করা হয়েছে।

মি. মালুম বলছিলেন, “২৬ তারিখে সাক্ষ্য প্রদান শুরু হয়ে যায়, তারপর তারা প্রতিবেদন দুটি প্রকাশ করে - যেটা আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের ১১ এর ৪ অনুযায়ী একটা আদালত অবমাননাকর বিষয়। এসব বিবেচনায় ট্রাইব্যুনাল ঐ চারজনকে তাদের স্বপক্ষে জবাব দানের জন্য ২০শে আগষ্ট দিন ধার্য করেছে”।

প্রতিবেদন দুটিতে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরামুল হক এবং রংপুর কারমাইকেল কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান সরকার রাঙ্গার উদ্ধৃতি প্রকাশ করা হয়।

এদিকে দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ বলছিলেন যে পুরোনো ঐসব প্রতিবেদেন ঘেঁটে তারা দেখবেন আসলেই এমন কিছু ছাপা হয়েছিল কিনা। এরপর তারা আইনজীবীর মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করবেন।

জামায়াত নেতা এটিএম আজাহারুল ইসলামের বিরুদ্ধে গত বছর ১২ই নভেম্বর অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত নয় ধরনের মানবতাবিরোধী অপরাধে ৬টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। (সূত্র: বিবিসি বাংলা)

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি