জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতার বিষয়ে হাইকোর্টে আবেদন খারিজের বিরুদ্ধে খালেদার আপিল শুনানি জন্য আগামী ১৩ জুলাই নির্ধারণ করেছে সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি।

ওই দিন একই সঙ্গে দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের বৈধতার বিষয়েও করা আপিল শুনানির জন্য দিন ঠিক করেন এই বিচারপতি।

মঙ্গলবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ধার্য করেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসন,এজে মুহাম্মদ আলী। অপর দিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম।

শুনানি শেষে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন,‘নিয়ম অনুযায়ী এ মামলায় আগামীকালের (বুধবার) সাক্ষ্যগ্রহণ চলতে পারে না। তবে খালেদা জিয়ার মামলায় (নিম্ন) বিচারিক আদালতে যাতে সাক্ষ্যগ্রহণ করা না হয় তার জন্য আমরা আবেদন করব।’

অন্যদিকে দুদকের আইনজীবী খোরশেদ আলম সরকার বলেন, ‘এ আদেশের ফলে (নিম্ন) বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ করতে কোনো বাধা নেই।’

গতকাল সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি প্রধান খালেদা জিয়ার পক্ষে পর্যায়ক্রমে দুটি আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং মো.আসাদুজ্জামান। দায়ের করা আপিল নম্বর হলো- ৩৫৭ ও ৩৫৮/২০১৪।

আপিলে হাইকোর্টের আদেশ ও নিম্ন আদালতের দেওয়া আদেশ ও খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বাতিলের আবেদন করা হয়েছে।গত ২৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করেন।

উল্লেখ্য,গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় অভিযোগ গঠন করে ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়।

ঢাকা, কেএ, ৮ জুলাই(টাইমনিউজবিডি.কম) // কেএইচ