রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাসের আদেশ দিয়েছেন আদালত।

আজ (২৭ নভেম্বর) বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো: মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।  

ভয়াবহ এই হামলার মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও সংক্ষুব্ধ হয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আসামি পক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, “রায়ে আমরা সংক্ষুব্ধ। সাক্ষীদের নিয়ে আমাদের সন্দেহ আছে। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।”

রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগানের মাথায় জঙ্গি সংগঠন ‘আইএসের টুপি’ দেখা গেছে। রিগান ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর হোসেনের মাথাও আইএস-এর টুপি দেখা গেছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যে সমালোচনা শুরু হয়ে গেছে। প্রশ্ন তোলা হচ্ছে, কারাবেষ্টনির মধ্যে কীভাবে আসামিদের মাথায় এই ধরনের টুপিটা এল?

আসামি রাকিবুল হাসার রিগ্যান এজলা‌সে বসা অবস্থায় টু‌পি পড়া ছিলেন। তবে ওই টু‌পি‌তে আইএসের লো‌গো ছিল না। রায় ঘোষণার পর বের হওয়ার সময় তার মাথায় আইএসের টুপি দেখা যায়। প্রিজন ভ্যানে ওঠার সময় ‘আল্লাহ হুআকবার’, ‘আল্লাহ হুআকবার’ বলে স্লোগান দেন। ‘এ রায় অন্যায়, এ রায় মা‌নি না’ ব‌লেও চিৎকার করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সারোয়ার খান জাকির বলেন, “আসামিদের মাথায় আইএসের টুপি ছিল কি-না তা আমি জানি না।”

ভিডিওতে দুইজন আসামির মাথায় আইএসের টুপি দেখা গেছে উল্লেখ করা হলে তিনি বলেন, “আমিও অনলাইনে দেখেছি।”

আসামিপক্ষের আইনজীবী দোলোয়ার হোসেন বলেন, “আসামিদের মাথায় আইএসের টুপি কীভাবে আসছে সেটা আমার জানা নেই। আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা এ বিষয়ে বলতে পারবেন।”

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন।

আর খালাস পাওয়া আসামির নাম মিজানুর রহমান ওরফে বড় মিজান।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দুই পুলিশসহ দেশি-বিদেশি ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। এছাড়া হামলায় অন্তত ৩০ জন পুলিশ সদস্য আহত হন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান ‘অপারেশন থান্ডারবোল্ডে’ পাঁচ জঙ্গি নিহত হয়। অভিযানে এক জাপানি ও দুই শ্রীলংকানসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

জঙ্গি হামলার ঘটনায় ওই বছরের ৪ জুলাই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে জীবিত আটজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করা হয়। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক হুমায়ুন কবীর এ চার্জশিট দাখিল করেন।

এমবি