অর্থ আত্মসাৎ ও পাচারের দু’টি মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে ডেসটিনির এমডি রফিকুল আমিন এবং ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার আবেদন খারিজ করে আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ডেসটিনির পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ঊর্ধ্বতন ব্যক্তিদের বিরুদ্ধে দু’টি মামলা করে দুদক। ২০১৪ সালের ৪ মে দাখিল করা অভিযোগপত্রে আসামি করা হয় ৫৩ জনকে। ৪ হাজার ১১৮ কোটি টাকা আত্মসাত এবং এর মধ্যে ৯৬ কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
গত ২৪ আগস্ট ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৫৩ জনের বিরুদ্ধে দুই মামলায় অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে ফৌজদারি আবেদন করেন তারা।
জারিফ





