আপিল বিভাগ থেকে ছয় সপ্তাহের জামিনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য আরো আট সপ্তাহ সময় চেয়ে আবেদন জানিয়েছেন।

রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আইনজীবীর মাধ্যমে তিনি এ আবেদন জানান।

পল্টন থানায় পুলিশের দায়ের করা নাশকতার তিন মামলায় গত ১৩ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছয় সপ্তাহের জামিন দেন।

জামিনের মেয়াদ শেষে ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলেছিল আপিল বিভাগ।

জামিন পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান ফখরুল। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

মির্জা ফখরুলের আইনজীবী সগীর হোসেন লিয়ন জানান, সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এ ব্যাপারে শুনানি হতে পারে।

গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেপ্তার করা হয় মির্জা ফখরুলকে।

ছয় মাস কারাবন্দি থাকার পর ১৩ জুলাই আপিল বিভাগের আদেশে তিনি জামিনে মুক্তি পান।

এমকে