রাজধানীর বাড্ডা এলাকায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যদের সঙ্গে একদল মাদকবিক্রেতার গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় রনি মিয়া (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ২টি শর্টগান, ৯টি কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাড্ডার সাতারকুল এলাকায় একদল মাদকবিক্রেতা অবস্থান করছে- এমন খবরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছুড়তে থাকে। পরে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রনি মিয়া নামে একজন মাদকবিক্রেতা নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়।

এএস