কুষ্টিয়ার মিরপুর থানার কৃষক মিরাজ ওরফে আলমগীর হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিরপুর উপজেলার পুটিমারী গ্রামের মুন্তাজ আলীর ছেলে কামরুল ইসলাম (৩৭) এবং পলাতক আসামি কোরবার আলীর ছেলে কামাল হোসেন(৪০)।

এ ছাড়া এই মামলার অপর তিন আসামি কোরবান আলী, আকলিমা খাতুন ও রুপালি খাতুনকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার মিরাজ হত্যা মামলার চার্জগঠন ও সাক্ষী শুনানি শেষে আসামি কামরুল ইসলাম এবং কামাল হোসেনে বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হয়। তাদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই নারীসহ তিনজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ জুলাই রাত সাড়ে ১০টায় আসামি কামাল হোসেনের স্ত্রী রুপালি খাতুনের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে আসামি কামরুল কৃষক মিরাজকে বাড়ি থেকে ডেকে আনেন।

এ সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে মিরাজকে লোহার সাবল দিয়ে পিটিয়ে এবং রামদার কোপে গুরুতর রক্তাক্ত জখম করে। পরিবারের লোকজন সংবাদ পেয়ে আহত মিরাজকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৫ জুলাই নিহত মিরাজের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ৫ আসামির নাম উল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ মে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

এমআর