বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্টেশনের কর্মচারীরা জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী’ ট্রেনে আসা এক যাত্রীর কাছে টিকিট না থাকায় তাকে গেইটে দাঁড় করান টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডল। এ নিয়ে বিনা টিকিটের ওই যাত্রী তার সঙ্গে বচসায় লিপ্ত হয়। পরে টিকিট কালেক্টর তাকে স্টেশনের পুলিশ ফাঁড়িতে নিয়ে যান। সেসময় বিনা টিকিটের যাত্রীর ফোন পেয়ে আরও ১০/১২ জন সেখানে জড়ো হন। ওই যাত্রী নিজেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেন।
ফাঁড়ি ইনচার্জ এসআই শাহআলম মিয়া তখন বিষয়টি মিটমাট করে দেন এবং বিনা টিকিটের যাত্রীকে ছেড়ে দেন। এ ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে বিনা টিকিটে ভ্রমণ করা ওই যাত্রী আবার ৮/১০ জনকে নিয়ে এসে হামলা চালিয়ে মারধর করেন টিকিট কালেক্টর সঞ্জিত মণ্ডলকে। স্টেশন মাস্টারের কক্ষের সামনে সঞ্জিতকে মারধর করতে দেখে স্টেশন মাস্টার সাকির জাহান তাকে বাঁচাতে এগিয়ে এলে সাকিরকেও মারধর করা হয়।
স্টেশন মাস্টার সাকির জাহান জানান, ট্রেনে বিনা টিকিটে আসা এক যাত্রীকে ধরায় টিকিট কালেক্টরকে মারধর করা হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনিও হামলার শিকার হন। পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করা হয়। এমন হলে টিকিট কালেক্টররা কাজ করবে কীভাবে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহআলম মিয়া জানান, সকালে বিনা টিকিটের এক যাত্রী দলবল নিয়ে এলে তিনি ঘটনাটি মিটমাট করে দেন। এরপর আবার দুপুরে এসে দুজনকে মারধর করেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএম











