চাঁপাইনবাবগঞ্জে প্রায় আট বছর আগের একটি খুনের মামলার রায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মর্দনা এলাকার তেতুলিয়া গ্রামের পানুর ছেলে ইসমাইল হোসেন (৪০), ঘুনপাড়ার রবু মণ্ডলের ছেলে মোহা. মুকুল (৩৮) ও চকপাড়া গ্রামের শামসুলের ছেলে মোহাম্মদ শহীদ (৩৭), একই গ্রামের নান্টুর ছেলে তসিকুল ইসলাম (৩৩)।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রবিউল মারা যান। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পিপি রবিউল ইসলাম বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন আদালতে। দীর্ঘ সাক্ষ্য-প্রামাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আরও ছয়জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
এবিএস





