অর্থ আত্মসাতের দায়ে এ বি ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আত্মসাত করা অর্থের সমপরিমাণ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার ১১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালালউদ্দিন আহমদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- এ বি ব্যাংকের প্রগতি সরণী শাখার ঋণ প্রশাসন বিভাগের কর্মকর্তা শিবলী সাদিক চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নেসা চৌধুরী।

অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি শাহানাজ পারভীন ও জামাল আবদুন নাসেরকে আদালত খালাস দিয়েছেন। তার দুজনই ব্যাংকের গ্রাহক। অবশ্য নাসের সাজাপ্রাপ্ত শিবলীর শ্যালক।

শাহনাজ ছাড়া বাকি তিনজনই রায় দেয়ার সময় পলাতক ছিলেন।

মামলার বিবরণীতে জানা গেছে, গ্রাহকের অনুকূলে ২৪টি অ-মঞ্জুরিকৃত অনুমোদনহীণ ঋণ সৃষ্টি করে একটি হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে ছয় কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ২০০ টাকা আত্মসাত করে আসামিরা।

এ ঘটনায় এ বি ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান ২০১২ সালের ৮ অগাস্ট রাজধানীর ভাটারা থানায় এ মামলা দায়ের করেন।

ওএফ