বিদেশে অর্থপাচারে জড়িতদের যাবতীয় তথ্য চেয়েছেন হাইকোর্ট।

আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এই তথ্য দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

একইসঙ্গে অর্থপাচারের ঘটনায় রুল জারি করে আগামী ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ (২২ নভেম্বর) রোববার বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো: খুরশীদ আলম খান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আমার ধারণা ছিল, রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে, যদিও এটি সামগ্রিক তথ্য নয়, সেটিতে আমি অবাক হয়েছি, সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীর বাড়িঘর কানাডায় বেশি আছে এবং তাদের ছেলেমেয়েরা সেখানে থাকে।”

দেশের বেশ কিছু জাতীয় দৈনিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বক্তব্য প্রকাশিত হয়। প্রকাশিত সেসব প্রতিবেদন আমলে নিয়ে অর্থপাচারকারীদের যাবতীয় তথ্য চেয়ে স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন হাইকোর্ট।

এমবি