নিষিদ্ধ হচ্ছে ইসলামী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। পুলিশের সন্দেহ আল-কায়েদাসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে সংগঠনটির।
এছাড়াও সম্প্রতি ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় পুলিশের সুপারিশের ভিত্তিতে সংগঠনটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত সপ্তাহেই আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার জন্য পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, পুলিশের সুপারিশের ভিত্তিতেই আনসারুল্লাহ বাংলা টিমকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে পুলিশ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে কয়েকজন ব্লগারকে হত্যার ঘটনার সঙ্গে এই সংগঠনটির সম্পৃক্ততার ব্যাপারে তাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে।
আর সে কারণেই এ সংগঠনকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
দীর্ঘ দিন ধরে আনসারুল্লাহ বাংলা টিমের তৎপরতা নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে । তার পরও সরকার সংগঠনটিকে নিষিদ্ধ করতে এত দীর্ঘ সময় নিল কেন?
এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুলিশ সংগঠনটির প্রধানসহ প্রায় সবাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ কারণে সরকারের ধারণা ছিল সংগঠনটিকে নির্মূল করা গেছে।
কিন্তু এখন ফেসবুকে-ইন্টারনেটে সংগঠনটির নানা তৎপরতা দেখে সরকার এটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশের ধারণা, আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা ২০০৮ সাল পর্যন্ত জামিয়াতুল মুসলেমিন নামক একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের হয়ে কাজ করতো।
বাংলাদেশে ২০০৯ সাল থেকে আনসারুল্লাহ বাংলা টিম নামে দলটি নতুন করে সংগঠিত হয়।
এরপর বিভিন্ন সময় গোপনে সদস্য সংগ্রহ এবং তাদের প্রশিক্ষন দেবার কাজ চালিয়ে গেছে তারা।
বিভিন্ন সময় পুলিশের অভিযানে অস্ত্র, জঙ্গি প্রশিক্ষণে ব্যবহার করা সরঞ্জামাদি এবং বিভিন্ন ধরণের প্রকাশনাও উদ্ধার করেছে পুলিশ।(সূত্র: বিবিসি)
এসএইচ/এমকে





