রাজধানীর ইসলামপুরে গুলশান আরা সিটি মার্কেটে অভিযান চালিয়ে ৮০টন কাপড় জব্দ করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এর মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বন্ড সুবিধা নিয়ে আমদানি করা পণ্য চোরাইপথে খোলা বাজারে বিক্রি করার অভিযোগে এসব কাপড় জব্দ করা হয়েছে বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

রপ্তানির পরিবর্তে অবৈধভাবে ইসলামপুরের বিভিন্ন পাইকারী বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে এসব পণ্য।

সোমবার সন্ধ্যার পর পুরনো ঢাকার ইসলামপুরের গুলশান আরা সিটিতে অভিযান চালায় কাস্টমস বন্ড ঢাকা। প্রায় ৫ ঘণ্টার অভিযানে জব্দ করা হয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অবৈধ বন্ডেড ফেব্রিক। অভিযানে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় দাবি ব্যবসায়ীদের।

কাস্টমস বন্ড কমিশনারেটের এসি মো. আল আমিন জানান, ৫টি গোডাউন থেকে চোরাই প্রায় ৮০ টন কাপড় জব্দ করা হয়েছে। অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় মামলার প্রস্ততির কথা জানিয়েছেন কর্মকর্তারা।

এএস