জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে আজকের মতো যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ৩ ও ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার) পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই তারিখ নির্ধারন করেন। আজ শুরুতে আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাঁর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এর আগে দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১১টার দিকে তিনি রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে যান।

গত ২৭ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী আব্দুর রেজাক খান। তার যুক্তি উপস্থাপন শেষে খালেদার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এ দিন তার যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিন ধার্য করেন।

এমবি