গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের ৬ কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচরপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে কাউন্সিলরদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু হানিফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
এর আগে গত ১১ জুলাই এই ৬ কাউন্সিলর গাজীপুরের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে গতকাল হাইকোর্টে আপিল করেন তাঁরা। আজ সেই আপিল শুনানি করে হাইকোর্ট ৬ কাউন্সিলরকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।
২০১৬ সালের ১৫ এপ্রিল নাশকতার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে গাজীপুরের জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
এমবি





