ব্লগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগের ব্যাখ্যা দিতে সাংবাদিক ডেভিড বার্গম্যানকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আগামী ৬ মার্চের মধ্যে তাকে সশরীরে উপস্থিত হয়ে অথবা আইনজীবীর মাধ্যমে তার মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে।
বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বর্তমানে ইংরেজি দৈনিক দ্য নিউএজের বিশেষ প্রতিনিধি। তিনি সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ের জামাতা।
ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে হাইকোর্টের একজন আইনজীবীর দায়ের করা আদালত অবমাননার অভিযোগের শুনানি শেষে বৃহস্পতিবার এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল।
আদেশের ব্যাপারে সাংবাদিক ডেভিড বার্গম্যান টাইম নিউজকে বলেন, আদেশের কপি এখনো পাইনি। আদেশের কপি পাওয়ার পরে আইনি পদক্ষেপ নেয়া হবে।
মঙ্গলবার আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের আবেদন করেন। আবেদনকারী আইনজীবী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং রায় সম্পর্কে ব্লগে মন্তব্য করায় কেন বার্গম্যানের  বিরুদ্ধে কারণ দর্শানোর (শো’কজ) নোটিশ জারি করা হবে না তা জানতে চাওয়ারও আবেদন করেন।
আবেদনকারী আইনজীবী আবেদনে বলেন, সাংবাদিক ডেভিগ বার্গম্যান তার নিজস্ব ওয়েবসাইটে (bangladeshwarcrimes.blogspot.com) একটি লেখা প্রকাশ করেন। লেখায় দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় নিয়ে করা মন্তব্যেও আদালত অবমাননা হয়েছে বলে উল্লেখ করেছেন।
২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার আগে থেকেই এই ব্রিটিশ সাংবাদিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ বিষয়ে কাজ শুরু করেন। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে গবেষণা, বিভিন্ন লেখালেখি ও কয়েকটি ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছেন ডেভিড বার্গম্যান।
২০১১ সালের ২ অক্টোবর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন বিষয়ে ইংরেজি দৈনিক  দ্য নিউএজের সম্পাদকীয় পাতায় বার্গম্যানের ‘এ ক্রুশিয়াল পিরিয়ড ফর আইসিটি’ শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়।
৩ অক্টোবর আদালত অবমাননার অভিযোগে প্রতিবেদক ডেভিড বার্গম্যান, নিউএজের সম্পাদক নুরুল কবির এবং প্রকাশক আ স ম শহীদুল্লাহ খানের বিরুদ্ধে এর কারণ দর্শাতে রুল জারি করেন। শুনানি শেষে ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তার আদেশে প্রতিবেদক ডেভিড বার্গম্যানকে সর্বোচ্চ সতর্ক করেন।
সে সময় আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে ট্রাইব্যুনাল শুধুমাত্র ভাবমূর্তির বিবেচনায় সংশ্লিষ্টদের অভিযোগ থেকে অব্যহতি দেন।
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]