আপন জুয়েলার্সের জব্দকৃত মালামাল কেন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার এই সংক্রান্ত ৫টি রিটের শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমদ ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে শুল্ক গোয়েন্দা বিভাগের দেয়া নোটিশ কেন বেআইনী ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়ে পৃথক আরেকটি রুল জারি করেছেন আদালত।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী জিনাত হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন রিপন।

বনানীর রেইনট্রিতে দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ আপন জুয়েলার্সের অন্যতম মালিক।

গত ১৪ ও ১৫ মে অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট, গুলশান এভিনিউ, উত্তরা, সীমান্ত স্কয়ার ও মৌচাকের পাঁচটি শো-রুম থেকে সাড়ে ১৩ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করে শুল্ক গোয়েন্দারা।

পরে গত ২৫ জুলাই মালামাল জব্দের বৈধতা চ্যালেঞ্জ করে দিলদার আহমেদসহ তার তিন ভাই হাইকোর্ট ৫টি রিট করেন। ওইসব রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই রুল জারি করে।

এদিকে অর্থপাচার মামলায় আপন জুয়েলার্সের ৩ মালিক দিলদার আহমেদ, তার ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

জামিন সংক্রান্ত আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এমবি