ব্যবসায়িক ও ব্যক্তিগত শত্রুতার জের ধরেই খুন হয়েছেন রাজধানীর আগারগাঁও ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর (৪০)। আগামী ঈদ উপলক্ষ্যে কয়েকটি গ্রুপ কোরবানীর হাটের ইজারা নিতে চেষ্টা করছিল। এর মধ্যে জাহাঙ্গীরের ইজারা পাওয়ার সম্ভাবনা ছিল অনেক বেশি। দলীয় নেতা কর্মীদের দাবি, একারণেই খুন হতে পারেন তিনি।
শনিবার মধ্যরাতে রাজধানীর আগারগাঁও বিএনপিবাজার বস্তির পাশে শাপলা হাউজিং এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবীর (৪০)।
পরিবারের পক্ষ থেকে খুনের বিষয়ে মুখ না খুললেও দলীয় কর্মীদের দাবি, মূলত ব্যবসায়িক কারণেই খুন হয়েছেন জাহাঙ্গীর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগে থেকেই বাসার সামনে অবস্থান নিয়েছিল খুনিরা। এরপর বাসার সামনে গাড়ি থেকে নামতেই দুই যুবক গুলি করে পালিয়ে যায়।
স্ত্রী পারভীন আক্তারসহ স্থানীয়রা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নিহত জাহাঙ্গীর ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রোকোনা জেলার আউশনগর থানায়।
জাহাঙ্গীর গুম হওয়া ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী নূর মোহাম্মদের জামাতা। ২০১২ সালের ১৯ অক্টোবর সাভার এলাকা থেকে গুম হয়েছিলেন হাজী নূর মোহাম্মদ।
স্ত্রী পারভীন আক্তার, দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে জয় ও দুই বছরের মেয়ে জান্নাতকে নিয়ে শাপলা হাউজিংয়ের ১০২ নম্বর বাসায় থাকতেন জাহাঙ্গীর। তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
খুনের ব্যাপারে জাহাঙ্গীরের ব্যক্তিগত গাড়িচালক রফিকুল ইসলাম টাইমনিউজবিডিকে বলেন, ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজ শেষে জাহাঙ্গীর ভাই যে রাত ১১টার মধ্যে বাড়ি ফিরবে তা খুনীরা আগে থেকেই ফলো করে আসছিল। স্ত্রী পারভীনও ছিলেন সাথে। কিন্তু দুর্বৃত্তরা যে বাঁচতে দেবে না জাহাঙ্গীর ভাইকে।
গাড়িচালক রফিকুল আরও বলেন, গাড়িতে করে রাত সোয়া ১১টার দিকে বাসার সামনে আসেন। এসময় বাসার সামনে দুজন যুবক দাঁড়িয়েছিল। দুজনই হাফপ্যান্ট পরিহিত। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই গাড়ি লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। জাহাঙ্গীর ভাই গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা পিছু নিয়ে ২-৩টি গুলি ছোড়ে।
এব্যাপারে কথা বলার চেষ্টা করা হলে পারভীন আক্তার বলেন, ‘চায়নাদের মতো দেখতে দুই যুবক গুলি করেছে। পরনে হাফপ্যান্ট ছিল।’
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, শ্বশুর হাজী নূর মোহাম্মদ সাভার এলাকা থেকে গুম হন। এরপর থেকেই শ্বশুর অবর্তমানে তার ব্যবসা নিয়ন্ত্রণে নেন এবং এলাকার একক আধিপত্য নেয়ার চেষ্টা করেন জাহাঙ্গীর কবীর। তিনি স্থানীয় বিএনপি বাজারের মমতা সমবায় বহুমুখী সমিতির সভাপতি ছিলেন।
তবে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করে জানান, জাহাঙ্গীর আগামী ঈদ উপলক্ষ্যে কোরবানির গরুর হাটের ইজারা নিতে চেষ্টা করছিল। অন্য কয়েকটি গ্রুপওে সমানতালে চেষ্টা করছিল। গত বছর তিনি ইজারা পাননি। কিন্তু এবার ব্যক্তিগত ও দলীয় প্রভাবের কারণে জাহাঙ্গীরের ইজারা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। এর আগে কয়েক বছর তিনি এ হাটের ইজারাদার ছিলেন।
এছাড়া বাজারকেন্দ্রিক ব্যবসায়িক দ্বন্দ্বও ছিল। স্থানীয় বিএনপিবাজারের মমতা সমবায় বহুমুখী সমিতির সভাপতি হওয়ায় কয়েকজনের সঙ্গে নীরব শত্রুতাও ছিল।
তবে নিশ্চিত করে কোনো তথ্য দিতে না পারলেও দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক নিয়ন্ত্রণ ও ৪১ ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী হওয়ার কারণেও তিনি খুন হতে পারেন।।
স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইফুল বলেন, ‘গরুর হাট নিয়ে অনেকের দ্বন্দ্ব ছিল। এ ছাড়া সভাপতির পদ নিয়ে অনেকে জাহাঙ্গীর ভাইয়ের ওপর ক্ষিপ্ত।’
তবে পরিবারের পক্ষ থেকে এব্যাপারে কিছু জানা যায়নি। পরিবার বলছে, সন্দেহের তালিকায় অনেকেই আছেন। তারা খোঁজখবর নিচ্ছেন।
জাহাঙ্গীরের ভাই হূমায়ুন কবীর বলেন, ‘কে বা কারা ভাইকে খুন করেছে, সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এরপর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’
কাউকে সন্দেহ করছেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘সন্দেহের তালিকায় অনেকেই আছে। তবে এখন কিছু বলতে পারব না।’
জাহাঙ্গীরের পারিবারিক বন্ধু যুবলীগের কেন্দ্রীয় কমিটির জনসংখ্যা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কামরান সাঈদ মোহাব্বত বলেন, ‘ পুলিশের সাথে কথা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা অবশ্যই তদন্ত সাপেক্ষ। তা নিশ্চিত হয়ে মামলা করা হবে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার টাইমনিউজবিডিকে বলেন, ‘খুনের কারণ এখনো জানা যায়নি। প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সম্ভাব্য সব ধরণের কারণ মাথায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে।"
এদিকে ঘটনার পরই পঙ্গু হাসপাতালে আসেন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবীর নানক। তিনি এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হত্যাকারীদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
ঢাকা, জেইউ, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





