অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রাক্তন উপ-বিভাগীয় প্রকৌশলী হারুনুর রশীদ খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপ-সহকারী পরিচালক মনিরুল ইসলাম এ মামলার চার্জশিট দাখিল করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, প্রকৌশলী হারুনুর রশীদ খান ক্ষমতার অপব্যবহার করে ২২ লাখ ২৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন করেছেন। দুদকের তদন্তে ওই অর্থের কোনো বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। ওই অর্থ তার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই ২০১২ সালের ২৬ জুলাই রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছিল।

পরবর্তী সময়ে তদন্তের বিষয়টি প্রমাণিত হওয়া দুদক চার্জশিট দেয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এ চার্জশিট দাখিল করা হয়েছে।

কেএইচ