নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ নেতা মিজান ওরফে জাহিদুল ইসলাম ভারতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০৬ আগস্ট) ভারতের বেঙ্গালুরু শহর থেকে তাকে গ্রেফতার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ। সংস্থাটির এক বিবৃতিতে এই কথা জানানো হয়।
আজ (মঙ্গলবার) দুপুরে এক প্রতিবেদনে টাইমস অব ইনডিয়া এই তথ্য জানিয়েছে।
২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ময়মনসিংয়ের ত্রিশালে প্রিজন ভ্যানে বোমা মেরে ও গুলি করে আরও দুই জঙ্গির সঙ্গে মিজানকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
বাকি দুই জঙ্গি ছিলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন সালেহীন ওরফে সানি ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ।
এর মধ্যে হাফেজ মাহমুদকে ওই দিন দুপুরেই টাঙ্গাইলে স্থানীয় জনতার সহায়তায় আটক করে পুলিশ। পরে গভীর রাতে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’নিহত হন তিনি। অন্যদিকে মিজান ও সালেহীনের আর খুজেঁ পাওয়া যায়নি।
পরে ২০১৪ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরের খাগড়াগড়ের একটি দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে দুই জঙ্গি নিহত এবং একজন আহত হন।
এই ঘটনার পর ভারতীয় সংস্থা এনআইএ জানায়, খাগড়াগড়ে জঙ্গি প্রশিক্ষণের অন্যতম হোতা মিজান। তিনি পশ্চিমবঙ্গে অবস্থান নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছেন। পরে খাগড়াগড় মামলার আসামি হিসেবে মিজানকে ধরতে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়।
এমবি





