ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় বাদীকে আসামিপক্ষের জেরা আগামী ৩ আগস্ট পর্যন্ত মূলতবী ঘোষণা করেছে।

বৃহস্পতিবার খালেদা জিয়ার আইনজীবী অসুস্থ হওয়ায় সময়ের আবেদন করলে আদালত এ মূলতবির ঘোষণা দেন। এর পরপরেই বেলা ১২টা ১০ মিনিটে আদালত ত্যাগ করেন খালেদা জিয়া।

মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদকে আসামিপক্ষের আংশিক জেরা করা হয়।

খালেদার পক্ষে মামলার শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।

এসময় দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।

 

এর আগে সকাল সোয়া ১০টার দিকে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

খালেদা জিয়ার বিরুদ্ধে এ দুই মামলার বিচার চলছে ঢাকা আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠের বিশেষ এজলাসে।

সর্বশেষ গত ১৮ জুন খালেদা জিয়া এ দুই মামলায় আদালতে এসেছিলেন। ওইদিন জিয়া দাতব্য ট্রাস্ট মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে জেরা শুরু করে আসামিপক্ষ। বাকি জেরা সম্পন্ন করার জন্য বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই দিন ঠিক করে দেন।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দুটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ৭১ লাখ ৬৭১ টাকা আত্মসাৎ এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ করেছে দুদক।

বিএনপি দাবি করে আসছে, তাদের চেয়াপারসনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা করা হয়েছে এবং তা এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার।

এমএইচ/এএইচ