দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় থেকে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক শেখ আবদুস সালাম এ নোটিশ করেছেন। নোটিশে আগামী ১২ আগস্ট সকালে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে। দুদক সূত্র এ সব তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে অন্ধ ও বধির সংস্থার ১১টি দোকান ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ দেওয়ার অভিযোগ রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর স্ত্রী জোছনা আরা চৌধুরীকে ওই সকল দোকান বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। ঘটনাকালীন সময়ে অন্ধ ও বধির সংস্থার সভাপতি ছিলেন তৈমূর আলম খন্দকার। পরবর্তী সময়ে বরাদ্দের শর্ত অনুসারে কিস্তির টাকা পরিশোধ না করলেও নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে তিনি ওই দোকানগুলো নবায়ন করেন। এ ছাড়া বধির সংস্থায় অবৈধভাবে লোক নিয়োগসহ সংস্থার তহবিল তসরূপের অভিযোগও রয়েছে তৈমূর আলমের বিরুদ্ধে।
কেএইচ





