দুর্নীতির মামলায় শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেট ঢাকার অবসরপ্রাপ্ত কমিশনার এ এইচ এম শাহাবুদ্দীন নাগরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েস এ আদেশ দেন। এর আগে শাহাবুদ্দীন নাগরী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার বলেন, ‘আজ আদালতে আসামি শাহাবুদ্দিন নাগরীর পক্ষে তাঁর আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু জামিন চেয়ে আবেদন করেন।

সে আবেদনের প্রেক্ষিতে দুদকের পক্ষে মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নথি থেকে জানা যায়, গত ২১ জুলাই প্রায় ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখে মিথ্যা তথ্যসম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

এএস