জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। আজ (সোমবার) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

খালেদার আইনজীবীদের মতে, হাইকোর্টের এই অন্তবর্তীকালীন জামিনের আদেশের কপি হাতে পেলেই তারা সেটি কারা কর্তৃপক্ষের কাছে পৌছালেই খালেদা জিয়া কারাগার থেকে জামিনে বের হতে পারবেন।

তবে, জামিন আদেশের সার্টিফাইড বা স্বাক্ষরিত কপি আজকের মধ্যেই পাওয়া যাবে কীনা এবং যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটি কারা কর্তৃপক্ষের কাছে পৌছে দেয়া যাবে কীনা সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি বিএনপিপন্থী আইনজীবীরা।

এদিকে, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, খালেদার বিরুদ্ধে মামলাটি সরকার পরিচালনা করছে না। এটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালনা করছে। তাই হাইকোর্টের রায়ের পর পরবর্তী পদক্ষেপ দুদক নিবে। এক্ষেত্রে সরকার কোনো হস্তক্ষেপ করবে না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জামিন আদেশের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর বন্ডসইসহ সব আইনী পক্রিয়া শেষ করে কারা কর্তৃপক্ষের কাছে সবকিছু জমা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে হয়তো বা আগামী কাল (মঙ্গলবার) নাগাদ বের করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

মওদুদ বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদার বিরুদ্ধে করা মিথ্যা মামলার রায়ে তাকে সাজা দেয়া হয়েছিল। এর বিরুদ্ধে উচ্চ আদালতে তারা আবেদন করেছিলেন। কিন্তু বিচারিক আদালত থেকে নথি আসতে দেরী হওয়ায় জামিন আদেশ পেতে কিছুটা দেরি হয়েছে।

খালেদার এই আইনজীবী আরো বলেন, আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে খালেদা জিয়াকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে। এ সময় রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম অন্তত আরো দুদিন জামিন আদেশ স্থগিত রাখার আবেদন করেছিলেন। কিন্তু হাইকোর্ট সে আবেদন খারিজ করে দিয়েছে বলেও জানান মওদুদ।

এদিকে, হাইকোর্টের এই জামিন আদেশের ব্যাপারে এখনো এটর্নি জেনারেল মাহবুবে আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদালত সূত্রে আরো জানা যায়, বেগম খালেদা জিয়ার বয়স এবং তার বিভিন্ন বার্ধক্যজনিত রোগ-ব্যাধির বিষয়টি বিবেচনা করেই এই অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায়ের দিন থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।

কেবি