শিগগিরই মালয়েশিয়ায় সেকেন্ড হোমধারীদের ধরতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এর আগে দুদক ওই দেশটির দুর্নীতি বিরোধী সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি করবে বলে জানিয়েছে।
বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৫ উপলক্ষে এক মতবিনিময় সভায় দুদক কমিশনার মো. শাহাবুদ্দিন চুপ্পু এ কথা জানান।
মতবিনিময় সভায় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী ছাড়াও দুদকের চেয়ারম্যান মুহাম্মদ বদিউজ্জামান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশিদের মধ্যে মালয়েশিয়ায় যাদের সেকেন্ড হোম আছে তাদেরকে খুঁজতে মালয়েশিয়ার এন্টি করাপশন অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা এমওইউ ( মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) করতে যাচ্ছি।
আমরা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থাসহ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কয়েকটি সংস্থার সদস্য হওয়ার অধিকার বলে এ চুক্তিটি করতে যাচ্ছি।
দুদক কমিশনার বলেন, এ ব্যাপারে ইতোমধ্যে মন্ত্রিসভায় প্রস্তাব দেয়া হয়েছে। আমরা আশা করছি আগামী জুন মাসের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষর করতে পারবো।
দুদক আগের চাইতে অনকে দূর এগিয়েছে জানিয়ে চুপ্পু বলেন, আমাদের বর্তমান কনভিকশন রেট (মামলা জেতা) অনেক বেশি। এখন আমাদের শতকরা ৪৭ ভাগ মামলায় জেতার রেকর্ড আছে।
এটা আমাদের বিশাল অর্জন। এর মধ্যে আমরা বেশকিছু সাড়া জাগানো মামলাও করেছি। অথচ এর আগে ২০০৪ সালে দুদক প্রতিষ্ঠা হওয়ার পর দুদকের কোনো দৃশ্যমান কাজ ছিল না। কিন্তু আমরা অল্প সময়ের মধ্যেই অনেক দূর এগিয়ে গেছি।
একে/এসএইচ





