রাজধানীর মতিঝিলে একটি পাঁচতলা ভবনের ছাদের চিলেকোঠা থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মতিঝিলের ফকিরাপুল এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহীদ আহমেদ (৩৬) ও মর্জিনা (২২)। শহীদকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও স্ত্রী মর্জিনার লাশ ড্রামের ভেতর থেকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।
চিরকুটে লেখা ছিল, শহীদ-মর্জিনা গোপনে বিয়ে করেছিল। তাদের জন্য সবাই যেন দোয়া করে। পুলিশের ধারণা, স্ত্রী মর্জিনাকে হত্যার পর শহীদ নিজে আত্মহত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিল থানার ফকিরাপুলের ৫৫ নম্বর কোমরগলির পাঁচতলা একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে কাজ করতো শহীদ। সে ওই ভবনের পাঁচতলার চিলেকোঠার একটি কক্ষে থাকতো। বাড়ির মালিক একজন আমেরিকা প্রবাসী।
জানা গেছে, নিহত শহীদের গ্রামের বাড়ি সিলেটে। আর মর্জিনার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।
পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে একজনের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘরে একটি চিরকুটে ড্রামে আরেকজনের লাশ আছে বলে লেখা ছিল। পরে ড্রামে তল্লাশি করে এক তরুণীর লাশ পাওয়া যায়। সেখানে বলা হয় এই তরুণীর নাম মর্জিনা। গোপনে তারা বিয়ে করেছে। প্রাথমিকভাবে একজনকে হত্যার পর আরেকজন আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের পর প্রকৃত রহস্য জানা যাবে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমবি





