নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় র্যাব সদস্য রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য চতুর্থ দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালত এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মণ্ডল সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এর আগে গত ১৫ অক্টোবর রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন নারায়ণগঞ্জ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম চাঁদনী রূপম। প্রথম দফার রিমান্ড শেষে ওইদিন রুহুলকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় আট দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।
গত ৭ অক্টোবর পটুয়াখালীর বাউফল গ্রেফতার করা হয় রুহল আমিনকে। পরে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে প্রথম দফায় তাকে সাতদিনের রিমান্ডে নেয় পুলিশ।
সাত খুনের ঘটনায় এখন পর্যন্ত র্যাবের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৭ এপিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে বাকি একজনের লাশ পাওয়া যায় নদীতে। এ ঘটনায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।
জেএ





