বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ফের আদালত পরিবর্তনের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া ও ফারহানা শারাফাত। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ২৬ এপ্রিল দ্বিতীয় বারের মতো আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন খালেদা জিয়া।

আবেদনকারী আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারক ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা এক সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন শাখার পরিচালক ছিলেন। ওই সময় তিনি মামলাটি দেখভাল করেছিলেন।

এজন্য গত ১৩ এপ্রিল বিচারক কামরুল হোসেন মোল্লার নিকট অনাস্থার আবেদন করলে তিনি তা নাকচ করে দেন। সেই আবেদন বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।

গত ৮ মার্চ মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক আবু আহম্মেদ জমাদ্দারের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনাস্থা আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট। একই সাথে মামলাটি ওই আদালত থেকে স্থানান্তর করে ঢাকার সিনিয়র মহানগর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ আসামি ৬জন। অন্য ৫জন হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এমবি