বাংলাদেশ রেলওয়ের ১৩০০ বর্গফুট জায়গা মিথ্যা ব্যক্তির নামে লিজ দেওয়ার অভিযোগে রেলওয়ের প্রাক্তন মহাব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তা বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে তারা এ জায়গা লিজ দেয়।
রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ সংক্রান্ত অভিযোগে মামলা দায়েরের জন্য কমিশন অনুমোদন দেয়।
রাজধানীর কমলাপুর থানায় দু’-একদিনের মধ্যে মামলা দায়ের করা হবে বলে দুদকের একটি সূত্র নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- বাংলাদেশ রেলওয়ের প্রাক্তন মহাব্যবস্থাপক মো. ফেরদৌস আলম, রেলের উপপরিচালক (ট্রাফিক কমার্শিয়াল) মো. কবিরুল আলম, কমলাপুর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মোশাররফ হোসেন, রেলওয়ের চট্টগ্রামের এরিয়া অপারেটিং ম্যানেজার মো. শফিকুর রহমান এবং রেলওয়ে কমলাপুরের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-২ প্রনবেশ সরকার।
অভিযোগের বিষয়ে মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজশে ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন সংলগ্ন ১৩০০ বর্গফুট আয়তনের জায়গা দোকান কাম গোডাউনের জন্য জনৈক মিসেস জেসমিন আক্তারকে লিজ দেন।
লিজ দেওয়ার জন্য তৈরি করা আবেদনপত্রে তৎকালীন যোগাযোগমন্ত্রীর সুপারিশসহ বিভিন্ন ধরনের সিল ও স্বাক্ষর জাল করার পর ২০১০ সালের ২৫ মে বরাদ্দ দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক কে এম মেছবাউদ্দিন অভিযোগটি অনুসন্ধান করেন।
এমকে





