ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৩২ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার (০৯ এপ্রিল) দুপুরে তাকে ফরিদপুরে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে আশরাফুজ্জামান জোহা (২৮)। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। তবে ইয়াবাসহ গ্রেপ্তাররের খবর পাওয়ায় রোববার (৯ এপ্রিল) সকালে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছেন।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ জানান, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশরাফুজ্জামান জোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার করেছিল। তিনি একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
তিনি আরও বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এবিএস





