কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে দুই সন্তানসহ মা এবং সিরাজগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে ছেলেসহ বাবা বিষপানে আত্মহত্যা করেছেন।
কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় পারিবারিক কলহের জের ধরে বিষপানে দুই শিশু সন্তানকে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। বুধবার দুপুরে উপজেলার ভাওরখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাওরখোলা গ্রামের অটোরিকশাচালক আলমগীর হোসেনের স্ত্রী রেখা বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (৮) ও ইমন আহমেদ (৫)। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন মিয়া এ ব্যাপারে জানান, মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে আলমগীরের সঙ্গে স্ত্রী রেখা বেগমের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুরে রেখা বেগম প্রথমে তার দুই শিশু সন্তান সুমাইয়া ও ইমন আহমেদকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেন। পরে নিজে বিষপান করে আত্মহত্যা করেন।
খবর পেয়ে মৃতদেহ তিনটি উদ্ধার করে থানায় ও স্বামী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ।
এদিকে সিরাজগঞ্জে স্ত্রীর উপর অভিমান করে ছেলেমেয়েকে নিয়ে বিষপান করেন বাবা ইয়াদুল ইসলাম। এ ঘটনায় মেয়ে ইভা (৫) বেঁচে গেলেও ছেলে ইউসুফ (৮) ও ইয়াদুল ইসলামের (৩১) মৃত্যু হয়েছে।
জেলার তাড়াশ উপজেলা সদরের আসনবাড়ী গ্রামে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আসনবাড়ী গ্রামের ইয়াদুল ইসলাম (৩১) দুপুরে জুয়া খেলে রোজগারের সব টাকা খোয়ানোর কারণে স্ত্রী মঞ্জুয়ার সঙ্গে টাকা নিয়ে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমান করে বাড়িতে থাকা কীটনাশক শিশু সন্তান ইউসুফ (৮) ও মেয়ে ইভাকে (৫) জোর করে পান করায় এবং নিজেও পান করেন। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত স্বাস্থ্যকেন্দ্র নেওয়ার পথে ইউসুফ মারা যায়।
আশঙ্কাজনক অবস্থায় ইয়াদুল ও ইভাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ইয়াদুলের মৃত্যু হয়। ইভা সুস্থ আছে বলে জানা গেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিষয়টি শুনেছি। তবে কারও কোনো অভিযোগ নেই।
এসএমএ





