রাজধানীর মিরপুরে পুলিশি নির্যাতনে ঝুট ব্যবসায়ী সুজন হত্যার ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিম শেখকে ৫ দিন রিমান্ড শেষে আদালতে হাজির করে ফের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন।
মাহবুবুর রহমান সুজন নামে এক ঝুট ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার অভিযোগে ১৫ জুলাই এসআই জাহিদকে গ্রেফতার করে পুলিশ। ১৭ জুলাই তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
রিমান্ড আবেদনে বলা হয়, এসআই জাহিদ ও পুলিশের সোর্স নাসিম গত ১৩ জুলাই হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদ বাসায় অভিযান চালিয়ে সুজনকে আটক করে মিরপুর থানায় নিয়ে আসেন। এরপর রাত অনুমান সোয়া বারটা থেকে ভোর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে নিজেদের হেফাজতে রেখে তাকে নির্যাতন করেন। ফলে আটক মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, আসামিরা সুজনকে গ্রেফতার করে থানাহাজতে না রেখে নিজ হেফাজতে রাখেন এবং সুজনের স্ত্রী ও শিশু সন্তানকে মহিলা হাজতখানায় রাখেন। এরপর রাত ৩টা ৪৩ মিনিটে ভিকটিমকে নিয়ে কথিত অস্ত্র উদ্ধারের জন্য বের হন।
পরে ভোর ৫টা ২৭ মিনিটে আসামি এসআই জাহিদ মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন খানকে মোবাইল ফোনে জানান যে, পথিমধ্যে ভিকটিম সুজনের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





