সরকারি অডিট কর্মকর্তা ও সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের সভাপতি মো. রফিকুল ইসলাম সহ ৩ জনের বিরুদ্ধে ২ কোটি ৩৩ লাখ ৫৮ ৭৭৯ টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের সহকারি পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে দন্ড বিধির ৪০৯/ ৪০৮ /১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ৩৮।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ৩ আসামিই অডিট ভবনের সরকারি কর্মকর্তা।

আসামি ৩ জন হলেন, সমিতির সভাপতি ও অডিটর মো. রফিকুল ইসলাম, সম্পাদক ও সাবেক অডিটর মো. জহিরুল ইসলাম এবং সমিতির ক্যাশিয়ার ও অডিট কর্মকর্তা আবদুল কাদের।

জানা যায়, গত ১৫ জানুয়ারি কমিশনের নিয়মিত সভায় জালিয়াতির, দুর্নীতি এবং পরস্পর যোগসাজশে ওই অর্থ আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে দন্ড বিধির ৪০৯/৪০৮/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলার অনুমোদন দেয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তাআরো জানান, দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ পরিচালক বেনজীর আহমেদেও নেতৃত্বে সহকারি পরিচালক মো. ফজলুল হক সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের অর্থ লোপাটের বিষয়টি অনুসন্ধান করেন। তাদের অনুসন্ধানে ওই ৩ আসামির বিরুদ্ধেই ২ কোটি ৩৩ লাখ ৫৮ ৭৭৯ টাকা আত্মসাতের সুনিদিষ্ট অভিযোগের প্রমাণাদি পেয়েছেন বলে জানা যায়।
একে