রাজধানীর মগবাজারে একসঙ্গে ৩ খুনের মামলার এজাহারভুক্ত আসামি আরিফ হাওলাদারকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম তারেক মঈনূল ইসলাম ভূঁইয়া বুধবার এ আদেশ দেন।
মামলার সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে প্রত্যক্ষ জড়িতদের শনাক্ত করে আসামিদের গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের স্বার্থে আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি (দক্ষিণ) রমনা জোনের এসআই বাহাউদ্দিন ফারুকি। আদালত শুনানি শেষে এ আদেশ দেয়।
মঙ্গলবার গভীর রাতে ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আরিফ হাওলাদারকে (২৩) গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার ১২ নম্বর আসামি।
মগবাজারে ওয়্যারলেস গেটের ৭৮নং সোনালীবাগের একটি বাসায় বৃহস্পতিবার রাত ৮টায় দুর্বৃত্তদের গুলিতে এক নারীসহ ৩ জন নিহত ও ১ জন আহত হন।
নিহতরা হলেন- বৃষ্টি আক্তার (৩২), বেলাল হোসেন (২২) ও মুন্না (২০)। গুলিতে আহত হন হৃদয় হোসেন (২৫)।
এ ঘটনার পরদিন শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে নিহত বৃষ্টি আক্তার বানুর ভাই শামিম ওরফে কালা চাঁন বাদী হয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





