টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবাকারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ হাজার পিস ইয়াবা, সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১টার সময় বাহার ছড়া উত্তর শিলখালী পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- শিলখালী এলাকার মৃত ওলি চাঁদের ছেলে আবদুল আমিন (৩৭) ও টেকনাফ মৌলভী পাড়ার নুর মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন (২১)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা ওসি প্রদীপ কুমার দাস।
ওসি বলেন, আগে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সোমবার রাতে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মজুত রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় গ্রেফতার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের কক্সবাজারের পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়।
এএস





