পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা (আইজিপি) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল প্রতারক চক্রের এমন ৪ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।
গ্রেফতাররা হলেন- মো. ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, মো. আব্দুল জলিল সিকদার, মো. রফিকুল ইসলাম ও মো. জাহিদ হাসান।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে ডিবির (উত্তর) উপ-কমিশনার শেখ নাজমুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মুগদা এলাকায় রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাজমুল আলম বলেন, গ্রেফতার ইব্রাহিম খলিল পুলিশের আইজির চাচাতো ভাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবের ঘনিষ্ঠ আত্মীয়, কখনও সাংবাদিক, কখনও ছাত্রলীগ নেতা ইত্যাদি পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশের এসআই, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, অফিস সহকারীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমএলএসএস পদে বিভিন্ন জনকে নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করত।
তিনি আরও বলেন, আব্দুল জলিল নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক ও অফিস সহকারী পদে চাকরির লোভ দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। সে ভূয়া নিয়োগপত্রও প্রদান করত। রফিকুল ইসলাম ও জাহিদ হাসান ওই দুজনের সহযোগী হিসেবে কাজ করত।
শেখ নাজমুল বলেন, এই প্রতারক চক্রটি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে ভূয়া নিয়োগপত্র প্রদান করে ৬৭ লাখ টাকা আত্মসাৎ করেছে।
গ্রেফতারদের বিরুদ্ধে মুগদা ও বিমানবন্দর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এমআর/এআই





