অর্থনৈতিক কারণে হতাশাগ্রস্ত হয়ে রাজধানীর হাজারীবাগে দুই শিশু সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা।
গতকাল (৩০ সেপ্টেম্বের) বুধবার হাজারীবাগের বটতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে জারিন হাসান রোজার (৬) মৃত্যু হয়। একই হাসপাতালে গুরুতর আহত বাবা জাবেদ হাসান (৪৮) এবং ছেলে রিজন হাসানকে (১৩) ভর্তি করা হয়েছে। তারা শঙ্কামুক্ত নন।
হাসপাতাল সূত্র জানায়, জাবেদের স্ত্রী রিমা আক্তারও আহত হয়েছেন। তার গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
স্বজনরা জানায়, করোনার কারণে জাবেদের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছিল না। দীর্ঘদিন ধরে তিনি ধার-দেনা করে চলছেন। তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। বিভিন্ন উৎস থেকে তিনি ৬-৭ লাখ টাকা ঋণ নেন। এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হয়। মোবাইল ফোন রিচার্জের দোকান রয়েছে জাবেদের। বটতলা বাজার এলাকার ১০ নম্বর গলিতে দোতলা টিনশেড বাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করেন তিনি।
পুলিশের ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবদুল্লাহিল কাফী গণমাধ্যমকে বলেন, অর্থনৈতিক কারণে হতাশাগ্রস্ত জাবেদ এমন কাণ্ড ঘটিয়েছেন বলে আমরা জানতে পেরেছি।
এমবি





