সিলেটের শিশু শেখ মো. সামিউল আলম রাজনকে (১৪) হত্যা মামলার আসামি চৌকিদার ময়না মিয়াকে সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
এদিকে মামলার তদন্তভার থানা-পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার গ্রেপ্তার হওয়া চৌকিদার ময়না মিয়া ওরফে বড় ময়নাকে আজ বুধবার দুপুরে সিলেটের মহানগর হাকিম আদালত-২ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক শাহিদুল করিম ময়নার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ বলেন, সামিউল হত্যা মামলার তদন্তভার জালালাবাদ থানা-পুলিশ থেকে গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, জালালাবাদ পুলিশের বিরুদ্ধে সামিউলের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এ মামলার বাদী জালালাবাদ থানার উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আজ দুপুরে দুলাল আহমেদ নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এসএইচ





