শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন পদধারী ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন।

শনিবার (৪ জুলাই) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি সাইবার-সংশ্লিষ্ট হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তারা বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তদন্ত করবে।

এদিকে, শাহবাগ থানার একটি সূত্র জানায়, রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি থানায় গিয়ে শাওন ও মাহিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিওর বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। অভিযোগ গ্রহণের পর বিষয়টি তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

অভিযোগপত্রে যা বলা হয়েছে

রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা অভিযোগপত্রে স্বাক্ষর করেন।

আবেদনে তারা উল্লেখ করেন, ১ হাজার ৪০০-এর বেশি শহীদ এবং ৩০ হাজারের বেশি আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছেন বলে দেখা গেছে। অভিযোগকারীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং রাষ্ট্র ও জুলাই আন্দোলন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে।

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধেও অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বক্তব্য দিয়েছেন, যেখানে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্যে বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হেয় করা হয়েছে, যা জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

অভিযোগকারীরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

এনএইচ