প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে দায়ের ছাত্রলীগ কর্মীর মামলা খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মামলাটি খারিজ করে দেন।

জানা যায়, এসএসসি পাশ না করেই কলেজ ছাত্রের পরিচয়পত্র দেখিয়ে ছাত্রলীগ সভাপতি পদ লাভ করায় মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন বিএম কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী মো. আল-ইমরান।

এ মামলায় আসামি করা হয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, সরকারি বরিশাল কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ, শিক্ষা বোর্ড চেয়ারম্যান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আ. রাজ্জাকসহ মোট ২৩ জনকে।

মামলায় বাদি উল্লেখ করেন, ১নং বিবাদী এসএসসি ও এইচএসসি পাশ না করেও জালিয়াতির মাধ্যমে কলেজে ভর্তি হয়েছেন। তাকে বিধি না মেনে মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয়েছিল। যেহেতু তিনি ছাত্র নন সেজন্য ছাত্রলীগের গঠনতন্ত্র ৫(ক) মোতাবেক প্রাথমিক সদস্য হওয়ার যোগ্য নন তিনি। কিন্তু তিনি জালিয়াতি করে সভাপতি হয়েছেন।

বিষয়টি প্রকাশ হওয়ার পর তিনি তার ভর্তি বাতিলের আবেদন করেন। সনদ জাল করায় তিনি দণ্ডনীয় অপরাধ করেছেন। এছাড়া ১ থেকে ৪নং আসামি (জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক) ফৌজদারি মোকাদ্দমার আসামি হওয়ায় তারাও ওই পদে থাকার অযোগ্য বলে বাদি দাবি করেন।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ